অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

0
645

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ দল। জয় নিয়ে সোজা সেমি ফাইনালের টিকিট কেটেছে যুবা টাইগাররা।

পচেফস্ট্রুমে বৃহস্পতিবার ৩০ জানুয়ারি ২০২০ তৃতীয় কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৫ উইকেটে করেছিল ২৬১ রান। জবাবে ৪২.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশের রকিবুল হাসান নেন ৫ উইকেট।

সেনওয়েস পার্কে বাংলাদেশ সময় দুপুরে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে বাংলাদেশ। পারভেজ ইমন ও তানজিদ হাসান তামিমের উদ্বোধনী জুটি থেকে আসে ৬০ রান। তামিমের ব্যাটে দ্রুত রান আসলেও ইমন ছিলেন ধীরগতির। এলবিডব্লুর শিকার হয়ে সাজঘরে ফেরেন ৪০ বলে ১৭ রান করে। তিন নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান দ্রুত ফিরে যান রান আউটের ফাঁদে পড়ে।

দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়া বাংলাদেশকে টেনে তোলেন তামিম-তৌহিদ হৃদয়ের জুটি। শতক থেকে মাত্র ২০ রান দূরে থাকতে ফেরেন তামিম। তৌহিদ হৃদয়ও দেখা পান অর্ধশতকের। শাহাদাৎ হোসেন করেন ৭৬ বলে ৭৪ রান। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ২৬১ তোলে বাংলাদেশ।

টার্গেটে খেলতে নেমে গ্রুপ পর্বের ম্যাচে হ্যাটট্রিক করা রকিবুল হাসানের পাঁচ উইকেট শিকারে ১৫৭ রানেই গুটিয়ে যায় প্রোটিয়ারা। রকিবুল ছাড়া তানজীম হাসান সাকিব নেন দুই উইকেট। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন লুক বিউফার্ট। এ ছাড়া ৩৫ রান করেন জনাথন বার্ড।

সেমি ফাইনালে বাংলাদেশ লড়বে নিউজিল্যান্ডের বিপক্ষে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here