সংস্কার প্রস্তাবে বিসিবির রহস্যজনক ভূমিকায় রাজপথে ক্রিকেটপ্রেমীরা

0
1200

imagesবাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়ার ভারতসহ ক্রিকেটের তিন মোড়লের ‘সংস্কার’ প্রস্তাব আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির ‘রহস্যজনক’ ভূমিকার প্রতিবাদে রাজপথে নেমেছে ক্রিকেটপ্রেমীরা।

শনিবার বিকেল ৪টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে চারুকলা পর্যন্ত রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে শত শত তরুণ ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে মানববন্ধন করেছেন।

বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস কেড়ে নেয়া, ‘তিন মোড়ল’ ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিশ্ব ক্রিকেট শাসন করার প্রস্তাব এবং বিসিবির ‘রহস্যজনক’ ভূমিকার বিরোধিতায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় ‘এক দাবি এক দেশ, টেস্ট খেলবে বাংলাদেশ’, ‘তিন দেশের মাতব্বরি থেকে ক্রিকেট রক্ষা করো’, ‘তিন শেয়ালের কাছে মুরগি বর্গা দেব না’ এবং ‘বিসিবি সে নো’- এ রকম স্লোগানে মুখরিত হয় শাহবাগ চত্বর।

অংশগ্রহণকারীরা একদিকে যেমন ক্রিকেট নিয়ে চলা ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়েছেন, তেমনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শক্ত অবস্থান নেয়ারও দাবি জানিয়েছেন।

বিকেল ৫টার দিকে মানববন্ধন শেষ হয়। এতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, গৃহিণী, চাকরিজীবী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার দেওয়া খসড়া প্রস্তাবে বলা হয়, টেস্ট র‌্যাঙ্কিংয়ের ৯ ও ১০ নম্বরে থাকা দল টেস্ট ক্রিকেটে অংশ নিতে পারবে না। তাদের খেলতে হবে আইসিসি ইন্টারকন্টিনেন্টাল কাপে। বর্তমান টেস্ট র‌্যাঙ্কিংয়ে ৩৪ রেটিং পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে জিম্বাবুয়ে, ১৮ পয়েন্ট নিয়ে দশে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here