আজ থেকে শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা

0
596

আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। রবিবার বিকাল তিনটায় মেলার উদ্বোধন করবেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের মেলা বঙ্গবন্ধুকে উৎসর্গ করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি প্রকাশিত ও বঙ্গবন্ধু রচিত তৃতীয় বই ‘আমার দেখা নয়াচীন’- এর আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করবেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করবেন।

মেলার আয়োজক প্রতিষ্ঠান জানিয়েছে— সারাজাতি যখন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছে, তখন বাংলা একাডেমিও বঙ্গবন্ধুকে স্মরণ রেখে বেশকিছু আয়োজন রেখেছে। এবারের মেলায় নতুন বেশ কয়েকটি সিদ্ধান্ত বাস্তবায়ন হতে চলেছে উল্লেখ করে প্রতিষ্ঠানটি জানায়, শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে মেলা উপলক্ষ্যে যে আয়োজন প্রতিবছর করা হয়, সেটির পরিসর কেবল বাড়ছে তা-ই নয়, সেটি আরও খ্যাতিসম্পন্ন হয়ে উঠছে।

চার দশকের বেশি সময় ধরে চলে আসা এ মেলা এবার ইতিহাসের সবচেয়ে বড় পরিসসে হচ্ছে বেশি প্রকাশনা সংস্থা নিয়ে বইয়ের এ উত্সব চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা সামনে রেখে এখন মেলার দুই প্রাঙ্গণ বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যান প্রস্তুত। প্রায় পাঁচ লাখ বর্গফুট এলাকায় ৪৫৫টি প্রতিষ্ঠানকে ৭১৯টি ইউনিট এবং বাংলা একাডেমিসহ ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার ৫৩৬ বর্গফুট আয়তনের ২৫টি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছে। সেই সঙ্গে ১৩৬টি লিটল ম্যাগাজিনকে ‘লিটল ম্যাগাজিন কর্নারে’ স্টল বরাদ্দ দেওয়া হয়েছে।

এবারও শিশু চত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকছে এবং ঘোষণা করা হবে ‘শিশু প্রহর’। মেলা ছুটির দিন ছাড়া প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here