সরল বিশ্বাসে দুর্নীতি অপরাধ নয়: দুদক চেয়ারম্যান

0
959

সরকারি কর্মকর্তারা সরল বিশ্বাসে কোন দুর্নীতিতে জড়ালে তা অপরাধ হিসাবে গণ্য হবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে ডিসি সম্মেলনের পঞ্চম দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সরল বিশ্বাসে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দুর্নীতি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, এটা কোন অপরাপরাধ নয়, সরল বিশ্বাসে যদি কোন কাজ করেন। সেটিকে বড় করে সমস্যা মনে করার কথা নয়। পেনাল কোডে বলা আছে, সরল বিশ্বাসে কৃতকর্ম কোন অপরপরাধ নয়। কিন্তু শর্ত হলো সরল বিশ্বাস যেন সরল বিশ্বাসই থাকে। অবশ্যই সেটি প্রমাণ করতে হবে।

দুদক চেয়ারম্যান আরও বলেন, ডিসিরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ করেন। জেলা প্রশাসকরা জানতে চেয়েছেন দুর্নীতি প্রতিরোধের জন্য কী করণীয়। দুর্নীতি দমন কমিশনের বড় কাজ হলো দুর্নীতি প্রতিরোধ, দমন করা অনেক পরে। আমাদের কাজ মামলা করা না। দুর্নীতি হয়ে গেলে কমিশন থাকার দরকার কী? ডিসিদের বলেছি, দুর্নীতি দমনের জন্য আমাদের যেসব প্রোগ্রাম আছে সেগুলো বাস্তবায়ন করতে।

ইকবাল মাহমুদ বলেন, ডিসিরা বলেছেন—দুর্নীতি প্রতিরোধের জন্য কাজ করবেন। বিশেষ করে প্রাইমারি ও হাইস্কুলে মানসম্মত শিক্ষা, মূল্যবোধসম্পন্ন শিক্ষা যদি দেওয়া না হয় তাহলে কোন উন্নয়ন টেকসই হবে না। উন্নয়ন টেকসই করতে হলে স্কুলের বাচ্চাদের সুনাগরিক করে গড়ে তুলতে হবে। কারণ দুর্নীতিমুক্ত সমাজ গড়তে দুর্নীতিমুক্ত মানসিকতার মানুষ দরকার হবে। প্রাইমারিতে যেন মানসম্মত ও মূল্যবোধে শিক্ষা দেওয়া যায় সেটি তারা দেখবেন। আমরা সততা স্টোরসহ যেসব উদ্যোগ নিয়েছি সেখানে তারা সহযোগিতা করবেন বলে কথা দিয়েছেন।

ডিসিরা মাঠ পর্যায়ে দুর্নীতি কমিশনের কাজ করবেন জানিয়ে দুদক চেয়ারম্যান বলেন, ডিসিরা জেলার সার্বিক তত্ত্বাবধান করে থাকেন। তারা মাঠ পর্যায়ে দুর্নীতি দমন কমিশনের কাজ করবেন। দুর্নীতি দমন কমিশনের কোন গাফিলতি ও দুর্নীতি পেলে আমাদের জানাতে বলেছি।

বিএম/এমআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here