প্রিয়া সাহার বিষয়ে রয়েসয়ে এগোতে চাই : কাদের

0
990

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রিয়া সাহার বিষয়ে আমরা রয়েসয়ে এগোতে চাই। মশা মারতে আমরা কামান দাগাতে চাই না। তবে বিষয়টি আমরা তুচ্ছ মনে করছি না।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রিয়া সাহার অভিযোগ এবং পরে এ নালিশের ব্যাখ্যা দেওয়া প্রসঙ্গে সোমবার (২২ জুলাই) তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, প্রিয়া সাহা কার প্ররোচণায় এ মিথ্যা অভিযোগ করেছেন, তার গভীরে আমরা যাব। অবাক হওয়ার বিষয় হলো, প্রিয়া সাহা তার মিথ্যা বক্তব্যের ব্যাপারে অটল রয়েছেন। তিনি প্রধানমন্ত্রীকে টেনে এনেছেন। কিন্তু প্রধানমন্ত্রী কখনও তিন কোটি ৭০ লাখ গুমের তথ্য দেননি।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১৬ জুলাই) ধর্মীয় নিপীড়নের শিকার ২৭ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে ১৬ দেশের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়াও মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার সুযোগ পান।

তিনি ট্রাম্পকে বলেন, আমি বাংলাদেশ থেকে এসেছি। দেশটিতে ৩ কোটি ৭০ লাখ হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নিখোঁজ রয়েছেন। অনুগ্রহ করে আমাদের লোকজনকে সহায়তা করুন। আমরা আমাদের দেশে থাকতে চাই।

প্রিয়া বলেন, এখনো সেখানে ১ কোটি ৮০ লাখ সংখ্যালঘু রয়েছেন। আমরা বাড়িঘর খুইয়েছি। তারা আমাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছেন, ভূমি দখল করে নিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনও বিচার পাইনি।

তার এমন বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়াসহ সারাদেশে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

এ ঘটনায় সমালোচিত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহা রোববার এক ভিডিও বার্তায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশের ব্যাখ্যা এবং ঘটনার পর নিজেরসহ পরিবারের নিরাপত্তাহীনতার বিষয় তুলে ধরেন।

বিএম/এমআর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here