টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে মাদক পাচারকারী’ নিহত

0
918

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা মাদক পাচারকারী নিহত এবং বিজিবির তিন সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।

রোববার ভোরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদীর শেকলঘেরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান।

নিহত মোহাম্মদ আইয়াছ (২৫) উখিয়ার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকের মো. জামাল হোসেনের ছেলে।

বিজিবির দাবি, নিহত জামাল হোসেন একজন মাদক পাচারকারী।

লে. কর্নেল ফয়সল বলেন, ভোরে টেকনাফের নাফ নদীর জাদিমুরা পয়েন্টের শেকলঘেরা এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার বড় একটি চালান আসার খবের বিজিবির একটি দল অবস্থান নেয়। এক পর্যায়ে মিয়ানমারের লালদ্বীপ থেকে একটি নৌকা যোগে কয়েকজন লোককে নাফ নদী অতিক্রম করে কূলের দিকে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এ সময় নৌকায় থাকা লোকজন বিজিবির সদস্যদের লক্ষ্য করে অতর্কিত গুলি ছুড়তে থাকে। বিজিবির সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। এতে নৌকায় থাকা ৩ জন ঝাপ দিয়ে শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের দিকে পালিয়ে যায়।

পরে গোলাগুলি থেমে গেলে নৌকায় একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। নৌকাটি তল্লাশি করে পাওয়া যায় ২ লাখ ২০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরি বন্দুক, একটি গুলি ও একটি গুলির খালি খোসা। ঘটনায় বিজিবির ৩ সদস্য আহত হয়েছে।

বিজিবির অধিনায়ক বলেন, আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান লে. কর্নেল ফয়সল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here