নারায়ণগঞ্জে চুলার আগুনে একই পরিবারের শিশুসহ ৮ জন দগ্ধ

0
444

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্যাসের চুলার আগুনে একই পরিবারের শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আজ সোমবার ভোরে ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ আটজন হলেন- নুরজাহান বেগম (৬০), কীরণ (৪৩) হীরণ (২৫) ও তার স্ত্রী মুক্তা (২০) মেয়ে লিমা (৩), আবুল হোসেন (২২), কাওসার (১৬) এবং আপন (১০)।

নূরজাহান বেগমের মেয়ে জামাই ইলিয়াছ মিয়া জানান, ‘তাদের বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়। পরিবারটি বর্তমানে সাইনবোর্ড সাহেবপাড়া এলাকায় একটি বাড়ির পাঁচতলা ভবনের নিচ তলায় ভাড়া থাকেন। রাতে ওই এলাকায় গ্যাসের চাপ কম ছিল, ফলে চুলা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যরা। ভোরে রান্নার জন্য আগুন ধরাতেই বিকট শব্দে পুরো বাড়িতে আগুন ধরে যায়। সেই আগুনে আটজন দগ্ধ হয়। পরে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।’

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফিন জানান, ‘ধারণা করা হচ্ছে সারারাত গ্যাসের চুলা থেকে অল্প অল্প করে গ্যাস বের হয়ে পুরো বাড়িতে জমা হয়েছে। পরে সকালে চুলা জ্বালাতে আগুন ধরালে ওই জমে থাকা গ্যাসের কারণে বাড়িতে আগুন ধরে যায়।’

সিদ্ধিরগঞ্জ থানার ওসি কামরুল ফারুক জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’

চিকিৎসকদের বরাত দিয়ে ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ‘নারায়ণগঞ্জ থেকে আসা আটজনের মধ্যে বেশিরভাগের অবস্থাই আশঙ্কাজনক। তাদের মধ্যে ৩/৪ জনের শরীরের প্রায় ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। বাকিদের ২৫ থেকে ৪৫ শতাংশের মত ঝলসে গেছে। এখন তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here